দেশের এক হাসপাতালেই আক্রান্ত ৫২ স্বাস্থ্যকর্মী। দেশের ডাক
By নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২০
পুরান ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত আসগর আলী হাসপাতালের ৫২ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২২ জন চিকিৎসক, বাকিরা নার্স, আয়া ও ওয়ার্ড বয়। দেশের কোনো হাসপাতালে এই প্রথম এত স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেন।
এর আগে মিটফোর্ড হাসপাতালে ১৯ চিকিৎসকসহ আক্রান্ত হয়েছিলেন ৪৪ জন।
আসগর আলী হাসপাতালে অর্ধশতাধিক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি (এফডিএসআর)।
ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. রাহাত চৌধুরী বলেন, এক হাসপাতেই এত চিকিৎসক আক্রান্ত হওয়ার বিষয়টি ভীষণ উদ্বেগজনক। আরো ভয়ানক ব্যাপার হল, হাসপাতালটি এখন বন্ধ কিংবা লকডাউন করা হয়নি।
এতে হাসপাতালজুড়েই ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস।
আক্রান্ত হওয়া এক চিকিৎসক জানান, করোনাভাইরাস ধরা পড়ার ৩দিন আগেও আমি ডিউটি করেছি।
হালকা জ্বরের কারণে আমার সন্দেহ হয়, নমুনা পরীক্ষা করে দেখি কভিড-১৯ পজিটিভ।
তারপর থেকে বাসাতেই আইসোলেশনে আছি। শুনেছি, হাসপাতালের কার্যক্রম এখনও চলছে, এটা বিপদজনক।
আক্রান্ত আরেকজন চিকিৎসক জানান, হাসপাতালটি তুলনামূলকভাবে নারায়ণগঞ্জের কাছে।
ওখান থেকে প্রায়ই আসগর আলীতে রোগী আসে।
আমার ধারণা, কেউ কভিড-১৯ আক্রান্ত হওয়ার বিষয়টি লুকিয়ে চিকিৎসা নিয়েছেন, যার কারণে একসঙ্গে এত বেশি সংখ্যক চিকিৎসককে আক্রান্ত হতে হল।

No comments