ফেলে যাওয়া মাকে উদ্ধার করলো উপজেলা প্রশাসন
সাভার প্রতিনিধিঃ
মা ! শব্দটি শ্রবণে যত কঠিন হৃদয়ই হোক না কেন, যে কারোর হৃদয়ই কোমল হয়ে উঠবে। এক অনির্বচনীয় আনন্দ অনুভবে হৃদয় ক্রমশঃ গলে যাবে, দ্রবীভূত হবে। কিন্তু এ কেমন সন্তান যারা তাদের মাকে রাস্তায় ফেলে যায়? তাও আবার করোনা ভাইরাস সংক্রমনের মৃতপূরী সদৃশ এক ভয়াল নগরে।
ঘটনাটি ঘটেছে ঢাকার সাভার উপজেলায়। উপজেলার হেমায়েতপুরের জামগর এলাকায় নাম না জানা এক মাকে তার কুলাঙ্গার সন্তান/সন্তানেরা এভাবে রাস্তায় ফেলে গেলে খবর পান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান।এরপর উপজেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য বিভাগ এর সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে ওই মা এর আপাতত ঠাঁই হয় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এব্যাপারে সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান বলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বিষয়টি আমাকে অবহিত করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এম্বুলেন্স এর সহায়তায় হেমায়েতপুর থেকে ওই মাকে আমি এবং সহকারী কমিশনার ভূমি (সদর সার্কেল) মাহফুজুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসি। এখানে তার সুচিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করাই। স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়পত্র দিলে সমাজসেবা অধিদফতরের তাকে প্রেরণ করা হবে।

No comments