ছুটির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। দেশের ডাক
ছুটির মেয়াদ ফের বাড়ানো হলো
মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির উন্নতি না হওয়ায় দেশব্যাপী চলমান সাধারণ ছুটির মোয়াদ আরো ১০ দিন বাড়িয়ে আগামী ৫ মে পর্যন্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ছুটির আদেশ জারি করে বেশ কিছু নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৬ এপ্রিল হতে ৩০ এপ্রিল এবং ৩ মে হতে ৫ মে পর্যন্ত দেশব্যাপী সাধারণ ছুটি চলমান থাকবে। উক্ত ছুটির সঙ্গে আগামী ১ ও ২ তারিখের সাপ্তাহিক ছুটিও সংযুক্ত থাকবে।
প্রজ্ঞাপনে বেশ কয়েকটি শর্তও জুড়ে দেয়া হয়েছে। সেখানে বলা হয়, জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ছুটি বাতিল থাকবে।
সকল ধরনের পণ্য পরিবহন চলাচল অব্যাহত থাকবে। কৃষিপণ্য, কাঁচাবাজার, ওষুধ, চিকিৎসা সামগ্রীসহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদেরও ছুটি বাতিল থাকবে। এ ছাড়া বাকি সবকিছু বন্ধ থাকবে।
এর আগে গত মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে করোনা প্রতিরোধে গঠিত জাতীয় সমন্বয় কমিটির এক সভা শেষে ছুটির মেয়াদ বাড়ানোর সুপারিশ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। সেখানে আগামী ১ মে পর্যন্ত ছুটি বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।
দেশে করোনাভাইরাস প্রতিরোধে প্রথম দফা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় দফায় ছুটি বর্ধিত করা হয় ১১ এপ্রিল পর্যন্ত। তৃতীয় দফায় ১৪ এপ্রিল এবং চতুর্থ দফায় ছুটি বাড়ানো হয় ২৫ এপ্রিল পর্যন্ত।

No comments